Dhaka, Friday | 28 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 28 August 2026 | English
শিরোনাম:

অবৈধ সীসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:১০ পিএম  (ভিজিটর : ১৮৮)

শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে পরিচালিত একটি সীসা উৎপাদনকারী কারখানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম. রাফসান রাব্বি। অভিযানে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহিষকান্দি এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে সেগুলো থেকে সীসা উৎপাদন করে আসছিল। উৎপাদিত সীসা বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হতো। এ কারখানার কারণে এলাকায় পরিবেশ দূষণ ছড়িয়ে পড়ে এবং বিষক্রিয়ার ফলে গবাদিপশু মারা যাওয়ার অভিযোগ ওঠে।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এর আগেও প্রশাসন অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দেয় এবং জেল ও জরিমানা করা হয়। তবে নিষেধাজ্ঞা অমান্য করে তারা রাতের অন্ধকারে পুনরায় কার্যক্রম চালিয়ে যেতে থাকে।

পরবর্তীতে মঙ্গলবার কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এক্সাভেটরের মাধ্যমে পুরো কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান জানান, সীসা দূষণ পরিবেশের জন্য মারাত্মক হুমকি এবং এটি জনস্বাস্থ্য, কৃষি ও প্রাণিসম্পদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। পূর্বে ব্যবস্থা নেওয়া হলেও সংশ্লিষ্টরা গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম. রাফসান রাব্বি বলেন, কারখানাটিতে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করা হতো, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়া কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিল। অভিযানে কারখানাটি ধ্বংস করার পাশাপাশি জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
 
এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝