মুন্সীগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ঘোষাইবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবিরের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।
এ অভিযানকালে ডিবি পুলিশের এসআই দিপঙ্কর কুন্ডু, এসআই পলাশ কান্তি রায়, এসআই কামরুল ইসলামসহ সঙ্গীয় একাধিক ফোর্স অংশ নেন। তারা ঘোষাইবাগ এলাকায় মাহফুজুর রহমান (২৪) নামের এক যুবকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির আরো জানান, অভিযান পরিচালনার সময় গ্রেপ্তারকৃত মাহফুজুরের শয়নকক্ষের প্লাস্টিকের ওয়ারড্রব থেকে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাহফুজুর রহমান ঘোষাইবাগ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ বাবুল হোসেন এবং মাতার নাম রাবিয়া বেগম।
এ ব্যপারে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের উৎস এবং এর ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিবি পুলিশের এসআই দিপঙ্কর কুন্ডু আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করেন।
সমাজে মাদক-অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম।
এফপি/জেএস