এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ছিল সিঙ্গাপুর। জয় দিয়ে মিশন শেষ করার স্বপ্ন থাকলেও শেষ পর্যন্ত ১-০ গোলে হার নিয়েই মাঠ ছাড়ে সমিত-হামজারা। ম্যাচের ৩১তম মিনিটে স্বাগতিক সিঙ্গাপুর ম্যাচের একমাত্র গোলটি করে।
র্যাংকিংয়ে সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে এগিয়ে। এরপরও সিঙ্গাপুরের মাটিতে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। বল পজিশন ও আক্রমণে বাংলাদেশ ভালোই শুরু করেছিল। সিঙ্গাপুরের আক্রমণ ভালোই রুখছিল।
তবে ৩১তম মিনিটে সিঙ্গাপুর দ্রুতগতির কাউন্টার অ্যাটাক করে। নিজেদের অর্ধ থেকে বা প্রান্তে লম্বা পাস হয়। বাংলাদেশের ডিফেন্ডার সাদ উদ্দিন সিঙ্গাপুরের ফরোয়ার্ডকে আটকাতে পারেননি। তার নেয়া শট প্রথম প্রচেষ্টায় গোলরক্ষক মিতুল মারমা সাময়িক প্রতিহত করেন। ফিরতি বলে বাংলাদেশের বক্সে কয়েক পাক বল ঘুরলেও ডিফেন্ডাররা ক্লিয়ার করতে পারেননি। বাংলাদেশ গোল হজম করে খেলায় পিছিয়ে পড়ে।
সাত মিনিট পরে বাংলাদেশের গোলের সুযোগ এসেছিল। বক্সের মধ্যে শেখ মোরসালিন অনেকটা ফাকা জায়গায় বল পান। তার নেয়া শট সিঙ্গাপুরের ডিফেন্ডারের গায়ে লেগে গোল লাইনের দিকে যেতে থাকে। ফয়সাল আহমেদ ফাহিম দৌড়ে বলের লাগাল নিতে গেলে পড়ে গেলে পেনাল্টি আবেদন করলেও রেফারি দেননি। দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত লড়াই করে বাংলাদেশ। ম্যাচে ফেরার জন্য সব ধরণের চেষ্টাই করে ক্যাবরেরার শিষ্যরা। কিন্তু শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
এফপি/জেএস