Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

পূর্ব শত্রুতার জেরে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৫:৪৪ পিএম  (ভিজিটর : ৪৭৩)

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে বীর মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈম (৭০) কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার গজারিয়া জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

আহত মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈম উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে।

নাঈমের স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি সালিসি বৈঠকে অংশ নেন তিনি। এ সময় স্থানীয় ছাত্রলীগের নেতা তুহিনসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আশেপাশে অবস্থান নেয় এবং মহড়া দিতে থাকে। বৈঠকে এক পর্যায়ে তিনি একা মহাসড়কের পাশে গেলে অভিযুক্তরা অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা জানান, রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার ডান হাত ও ডান পা ভেঙে গেছে। মাথায় কুড়ালের আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈম জানান, বৈঠক থেকে একপর্যায়ে আমি একা বের হলে একই এলাকার তুহিন ও তার সহযোগীরা আমাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

এদিকে অভিযুক্ত তুহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আলী মুঠো ফোনে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝