খুলনার পাইকগাছা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অভিযান চালিয়ে মজুদকৃত প্রায় ৪০০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কপিলমুনি কলেজ মোড়ে অবস্থিত ‘খাঁন এন্টারপ্রাইজ’-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খাঁন দেলোয়ার হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে প্রতিষ্ঠানটিতে অভিযান চালান। এ সময় তল্লাশি করে জ্বালানি তেল ভর্তি দুটি ড্রাম জব্দ করা হয়। যার একটিতে ২০০ লিটার পেট্রোল এবং অন্যটিতে ২০০ লিটার অকটেন পাওয়া যায়।
স্থানীয় সূত্র ও মোটরসাইকেল চালকদের অভিযোগ, কিছু অসাধু সাব-ডিলার কৃত্রিম সংকট সৃষ্টি করে গোপনে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করে আসছে। এর মাধ্যমে তারা বিপুল পরিমাণ অবৈধ মুনাফা অর্জন করছে।
এর আগে, গত ১১ মার্চ কাশিমনগর এলাকায় লিটারপ্রতি ৪০ থেকে ৫০ টাকা বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে ধনঞ্জয় সাধু নামের এক জ্বালানি তেল ব্যবসায়ীকে একইভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জ্বালানি তেল মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/জেএস