গাজীপুরের টঙ্গীর পশ্চিম থানাধীন কাদেরিয়া টেক্সটাইল লিমিটেড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর একটি চলন্ত প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটি থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা- ময়মনসিংহ অভিমুখী ওই প্রাইভেট কারটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, “আগুনের খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন লেগেছে।”
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এফপি/জেএস