বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক কৃষককে অপহরণের ঘটনা ঘটেছে।
রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজার লেদুর মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত মো. রিদুয়ান করিম মিন্টু (৩৮) স্থানীয় বাসিন্দা মো. সোলতান আহমদ এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তামাক ক্ষেতের কাজ শেষে বাড়ি ফেরার পথে মো. রিদুয়ান করিম মিন্টুকে ৮ থেকে ১০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল জিম্মি করে তুলে নিয়ে যায়। এ সময় অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দা মো. মোস্তাক আহমদ অপহৃত পরিবারের বরাত দিয়ে বলেন, রিদুয়ান প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একদল সশস্ত্র ব্যক্তি তাকে ঘিরে ধরে এবং অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
অপহৃতের পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকেই তারা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। দ্রুত তার নিরাপদ উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, অপহরণের খবর আমরা পেয়েছি। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
এদিকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এফপি/জেএস