নাটোর সদর উপজেলার হাশেমপুর এলাকায় মহরম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ছেলে মইন উদ্দিন সিয়ামকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে অবস্থানকালে মহরম আলীর আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে যান। পরে তারা দেখতে পান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে গেছে।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযানে নামে ডিবি পুলিশের একটি দল। এ সময় নিহতের ছেলে মইন উদ্দিন সিয়ামকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সিয়াম জানিয়েছেন, ঈদের ছুটিতে ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে এসে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটান।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এফপি/অ