প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১০:৫১ এএম (ভিজিটর : ৪৩)
টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন চালকসহ তিনজন, যা এলাকায় শোকের ছায়া ফেলেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার নল্যা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে আলী আকবর ৫০, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের মৃত তোরাপ আলীর ছেলে উমর ফারুক ৪৫, একই উপজেলার বাউসী পপুলার এলাকার খোকন ৪২।
ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক জানান, জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি টাঙ্গাইলের মধুপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে মধুপুর থেকে জামালপুরগামী একটি বাস নল্যা বাজার এলাকায় পৌঁছালে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে সিএনজির চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
নিহতদের মরদেহ ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।