নাটোর শহরের কান্দিভিটুয়া কদমতলা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছেন।
এ ঘটনায় তার ছেলে কাউছার হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শহরের কান্দিভিটুয়া কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রাস্তায় মোটরসাইকেল রাখা নিয়ে আবুল কালাম আজাদের ছেলের সঙ্গে প্রতিবেশী রহিম ও তার পরিবারের সদস্যদের বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে সোমবার গভীর রাতে রহিম ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে আবুল কালাম আজাদ ও তার ছেলে কাউছার হোসেনের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাবা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবুল কালাম আজাদ মারা যান। আহত কাউছারকে আশঙ্কাজনক অবস্থায় রামেকে ভর্তি করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এফপি/জেএস