কক্সবাজারের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে প্রায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ ৯ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন রোহিঙ্গা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (৭ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়।
আটক বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা মূল্যের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটে থাকা ৯ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— উখিয়ার থাইংখালী ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৬ ব্লকের আবুল খালেকের ছেলে মো. তাহের (৬০), তার ছেলে তারেক আজিজ (২৩), শারুখ আজিজ (২৬) ও সোহানা আজিজ (১৪), লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জহির আহমদের ছেলে মো. হালিম (৩৬), থাইংখালী ক্যাম্পের মো. আমিনের ছেলে ওমর ফারুক (২৭), এ-৫ ব্লকের হামিদ হোসেনের ছেলে মো. সিদ্দিক (২২), বি/৪ ব্লকের নুরু সালামের ছেলে আবদুল্লাহ (২৭) এবং টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুশকিলিয়া পাড়ার বাসিন্দা আবদুল বারীর ছেলে সিরাজ মিয়া (৫৫)। কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফপি/জেএস