নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর উপস্থিতিতে এক ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘর্ষে জড়িত থাকা ও নৈতিক স্খলনের অভিযোগে আরও তিনজন নেতাকেও বহিষ্কার করেছে জেলা যুবদল।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত রাকিবুর রহমান রাজা গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। অন্য বহিষ্কৃত নেতারা হলেন—নাটোর সদর উপজেলা যুবদলের প্রস্তাবিত সহসভাপতি আব্দুল গফুর, নলডাঙ্গা উপজেলার পিঁপরুল ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. লিটন এবং একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আরব আলী।
জানা গেছে, সম্প্রতি গুরুদাসপুর উপজেলা চত্বরে ওসির উপস্থিতিতে রাকিবুর রহমান রাজা এক ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। পাশাপাশি নলডাঙ্গার পিঁপরুল ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় তিন নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠে।
এর পরিপ্রেক্ষিতে জেলা যুবদল চার নেতাকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বহিষ্কার আদেশে বলা হয়, অভিযুক্তদের অপকর্মের দায়ভার দল গ্রহণ করবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এফপি/অ