ঢালিউডের 'প্রিয়দর্শিনী'খ্যাত অভিনেত্রী মৌসুমী অনেক দিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন। তিনি শুধু সিনেমা থেকেই দূরে নয়; দেশ থেকেও দূরে আছেন। বর্তমানে অভিনেত্রী সাত সমুদ্দুর তেরো নদীরে ওপারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লেও গত বছর এ অভিনেত্রীর ‘সুন্দরী পিএস চাই’ শিরোনামের একটি টেলিফিল্ম মুক্তি পায়। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন হাসান জাহাঙ্গীর। এটি প্রচার হওয়ার পরই বাঁধে বিপত্তি। টেলিফিল্মটি প্রচারের পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয় সহশিল্পী হাসান জাহাঙ্গীরকে নিয়ে নানা গুঞ্জন।
দীর্ঘ তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মৌসুমী সেই গুঞ্জনের জবাব দিয়েছেন। তবে ঢালিউডের প্রিয়দর্শিনীর ভক্ত-অনুরাগীদের এবার সুখবর দিলেন নির্মাতা সৈয়দ আর ইমন। শিগগিরই মৌসুমী অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পেতে যাচ্ছে। তবে সৈয়দ আর ইমন পরিচালিত এ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে ‘বিডিফিল্মস ইউএসএ’ নামের একটি ইউটিউব চ্যানেলে ।
পারিবারিক মূল্যবোধ ও মানবিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত 'অর্ধাঙ্গিনী' সিনেমায় মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেলসহ আরও অনেকে। আধুনিক জীবনের আত্মকেন্দ্রিকতা ও সামাজিক বাস্তবতাই এ সিনেমার মূল উপজীব্য। এ সিনেমার প্রযোজক তরিকুল ইসলাম মিঠু ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী হাসান তামজিদ।
নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে। প্রথমে টেলিফিল্ম হিসেবে অর্ধাঙ্গিনীর শুটিং শুরু হয়। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সিনেমাটির দৈর্ঘ্য ছিল ১ ঘণ্টা ২০ মিনিট। সিনেমাটি প্রথমে টেলিফিল্ম হিসেবে নির্মিত হলেও পরে সম্পাদনার মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়া হয়। ২০২৪ সালেই এটি মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রে হল প্রাপ্তিজনিত জটিলতায় তা সম্ভব হয়নি বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
এফপি/অ