কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের উপর গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর দফাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজন হলেন, আনিছুর রহমান, নওয়াব আলী, আশরাফুল ইসলাম। এছাড়াও অন্য আহতরা হলেন, জাহিদুল, সিদ্দিক, মিজানুর, সুমন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ মিজানুর ও আশরাফুলকে কুষ্টিয়া ২৫০শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। অন্যরা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। আহত নওয়াব আলী ও আশরাফুল ইসলাম জানান, স্থানীয় সন্ত্রাসী শিহাব এলাকায় কিছুদিন আগে তাদের এক স্বজনের বাড়িতে প্রবেশ করে ডাকাতি করে। বিষয়টি জানাজানি হলে মিজানুর বাদী হয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে শিহাব সোমবার দুপুরের দিকে দফাদারপাড়া এলাকায় মিজানুরকে একা পেয়ে মারধর করেন। মিজানুরকে উদ্ধারে অন্যরা এগিয়ে গেলে শিহাবের নেতৃত্বে মানিক, রেন্টু, দোয়েলসহ ৪-৫ জন হামলা চালায়।
গুলিবিদ্ধ মিজানুর বলেন, এই মাসের ৫ তারিখে শিহাব চুরি করার জন্য আমার ঘরে ঢোকে। এসময় আমার মেয়ে ঘরে থাকা অবস্থায় দেখে চিৎকার দেয়। আমরা ঘরে যাওয়ার আগেই শিহাব ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে দৌড়ে পালিয়ে যায়। মিজানুর আরও বলেন, সোমবার শিহাবকে দেখামাত্র আমি চুরি করা জিনিসপত্র ফেরত চাইলে শিহাব ও তার লোকজন আমার ওপর হামলা করে। এসময় আমাকে বাঁচাতে লোকজন আসলে শিহাব, রিন্টু দোয়েলসহ আরও ৪-৫ জন গুলি করলে আমিসহ আরও ৩ জন গুলিবিদ্ধ হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। তিনজন গুলিবিন্ধ হয়েছেন বলে খবর পেয়েছি। দুইজনকে কুষ্টিয়ায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এফপি/জেএস