চুয়াডাঙ্গা দামুড়হুদায় উপজেলার হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হারুন আর রশিদ (৩৮) নামে এক দপ্তরিকে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের অদূরে এ হামলার ঘটনা ঘটে।
আহত হারুন আর রশিদ উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাবপাড়ার শাহাজান আলীর ছেলে। তিনি হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত।
আহত হারুন আর রশিদ জানান, সকালে বিদ্যালয়ে অফিসের কাজ করছিলেন। নাস্তা করার জন্য বের হয়ে রাস্তা দিয়ে হাটার সময় হঠাৎ দুইজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এসময় আমি চিৎকার করে দৌড়ে পালানোর চেষ্টা করি। তখন স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে শিক্ষকরা ও স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মিসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের আটকে পুলিশের দুটি টিম কাজ করছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এফপি/জেএস