Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

পতাকা উত্তোলনের পর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর–আগুন

প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম  (ভিজিটর : ৮৫)

খুলনায় ১৮ মাস পর কার্যালয় খুলে পতাকা উত্তোলনের কিছু সময় পর সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একদল ক্ষুব্ধ ছাত্র। রোববার সন্ধ্যায় নগরীর শঙ্খ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রোববার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তাঁরা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে মালা পরিয়ে দেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দেন। পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিয়ে নগরজুড়ে উত্তেজনা শুরু হলে সন্ধ্যায় কিছু ছাত্র কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁরা আসবাবপত্র ভাঙচুর করেন এবং অগ্নিসংযোগ করেন। ঘটনার পরপরই শঙ্খ মার্কেট এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বিকেলে আওয়ামী লীগ কার্যালয় খোলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু তালাবদ্ধ থাকায় তখন ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি।

ওসি বলেন, ‘আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে কার্যালয় যারা খুলেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ছবি টাঙানোর পর ছাত্ররা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়ভাবে আগুন নেভানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝