প্রতি বছর ভালোবাসা দিবস উপলক্ষে ব্যস্ত হয়ে ওঠে সংগীতাঙ্গন। শিল্পীরা প্রকাশ করেন নতুন নতুন গান। এবারও ব্যতিক্রম হয়নি। দিনটি উপলক্ষে প্রকাশ পেয়েছে ‘না যেও না’ শিরোনামের একটি গান।
এতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী ও নিজাম উদ্দিন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর নিজাম উদ্দিনের। ‘না যেও না’ শিরোনামের এ গানের সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।
গানটি প্রসঙ্গে নিজাম উদ্দিন বলেন, ‘গানটির কথা সুরে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এতে সংগীতের দারুণ সমন্বয় ঘটেছে। আমার সঙ্গে গেয়েছেন নদী। উনি সুকণ্ঠী। এখানেও দারুণ গেয়েছেন। আশা করি সবার ভালো লাগবে।’
সুমন কল্যাণ বলেন, ‘ভালোবাসা দিবসের উপযুক্ত গান এটি। নিজাম উদ্দিন ভাইয়ের কথা-সুরের সঙ্গে তার গায়কীর সুন্দর সম্মিলন ঘটেছে। নদী বরাবরই ভালো গায়। এখানেও ব্যতিক্রম ঘটেনি। আশা করি শ্রোতাদের সমাদর পাবে।’
মেলোডাইভ নামের একটি ইউটিউব চ্যানেলে গানটির একটি লিরিক্যাল ভিডিও প্রকাশ পায় আজ (১৪ ফেব্রুয়ারি) দুপুরে।
এফপি/জেএস