শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়ায় মোকছেদুল ইসলাম বাবু ও পরান নামে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার গেরাপঁচা গ্রামের দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার বাড়িতে ইয়াবা বেচাকেনা ও সেবন চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ইয়াবা সেবনরত অবস্থায় শহরের আড়াইআনী বাজার এলাকার মোকছেদুল ইসলাম বাবু (৩০) ও হালুয়াঘাট উপজেলার জয়মঙ্গল গ্রামের পরান (২৫)–কে হাতেনাতে আটক করে পুলিশ।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/জেএস