Dhaka, Sunday | 3 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 3 May 2026 | English
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

হাতিয়ায় অতিরিক্ত নৌবাহিনী মোতায়েন

প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৪:০২ পিএম  (ভিজিটর : ৪৯)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পরিদর্শন করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম. মঈনুল হাসান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ক্যাম্পাসে স্থাপিত বাংলাদেশ নৌবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন। এসময় নৌবাহিনীর চলমান কার্যক্রম, নিরাপত্তা প্রস্তুতি এবং দায়িত্ব পালনের অগ্রগতি সম্পর্কে অবহিত হন তিনি।

পরিদর্শনকালে রিয়ার এডমিরাল এম. মঈনুল হাসান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর কন্টিনজেন্ট সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকার। জনগণ যেন ভয়ভীতি ও শঙ্কামুক্ত পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

এসময় তিনি কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। দুপুরের পর পরিদর্শন কার্যক্রম শেষে নৌবাহিনীর একটি জাহাজে করে তিনি হাতিয়া ত্যাগ করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হাতিয়াসহ উপকূলীয় ও দুর্গম দ্বীপাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। প্রতিদিন হাতিয়ার প্রত্যন্ত ও দুর্গম এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নৌবাহিনীর সদস্যরা ইতোমধ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন ও প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, সরকারের নির্দেশনা অনুযায়ী গত বছরের ২০ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নৌবাহিনী মোতায়েনের পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচার প্রতিরোধে একাধিক সফল অভিযান পরিচালিত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি হাতিয়ায় নৌবাহিনীর সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝