ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)।
শনিবার (২৭ জুন) ভোররাতে উপজেলার বেলেহাটি গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে বিদেশি ২টি আধুনিক পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ২৪ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর রাতে সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ৫৭/১-এস এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় বেলেহাটি গ্রামের মোনতাজ আলীর পুকুরের উত্তর পাশে জঙ্গলে দুই সন্দেহভাজন চোরাকারবারীর গতিবিধি লক্ষ্য করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা একটি সাদা প্লাস্টিক ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে অস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং মাদক উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মাদক মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি ও সীমান্ত টহল আরও জোরদার করা হয়েছে।
এফপি/র