কক্সবাজারে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আরও চারজনকে আসামি করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপির একটি টহল দল বালুরছড়া পাতাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তি হলদিয়া পালং ইউনিয়নের বালুরছড়া গ্রামের মো. মিজানুর রহমান (২৬)। তিনি মো. হোসেন আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক মিজানুর রহমানকে থানায় হস্তান্তর করা হয়েছে। একই মামলায় পলাতক হোসেন আলী, মো. তারেক হোসেন, কামাল উদ্দিন (ওরফে সাইত্রিশ কামাল) ও মনজুর খলিফাকে আসামি করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান নিয়মিত চলছে এবং চলবে।
এফপি/র