কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, বিএনপি নেতা জননেতা শাহজাহান চৌধুরীর সমর্থনে টেকনাফ পৌরসভায় এক বিশাল নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নাফ নদীতে টেকনাফের জেলেরা আবার নির্বিঘ্নে মাছ আহরণ করতে পারবে। জেলেদের জীবিকা আজ হুমকির মুখে, বিএনপি ক্ষমতায় এলে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “মায়ানমারের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত ও কূটনৈতিক জটিলতা রয়েছে। জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার সক্ষমতা একমাত্র বিএনপির রয়েছে। শক্তিশালী কূটনীতি ছাড়া সীমান্ত অঞ্চলের সমস্যার সমাধান সম্ভব নয়।”
শাহজাহান চৌধুরী বলেন, “টেকনাফ ও উখিয়া দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন প্রয়োজন। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এই জনপদের মানুষের অধিকার আদায়ে সংসদে সোচ্চার ভূমিকা রাখব।”
পথসভায় সভাপতিত্ব করেন টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দু রাজ্জাক। তিনি বলেন, “টেকনাফ পৌরসভা বিএনপির ঘাঁটি। জননেতা শাহজাহান চৌধুরী এই এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী। আসন্ন নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ। তিনি বলেন, “বর্তমান সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ। ভোটের মাধ্যমে জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ।”
এছাড়াও বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। তারা বলেন, টেকনাফ-উখিয়া অঞ্চলের উন্নয়ন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিএনপির বিকল্প নেই।পথসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। স্লোগান ও মিছিলের মাধ্যমে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে পৌর এলাকার বিভিন্ন সড়কে গণসংযোগ করেন।
এফপি/জেএস