চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসন থেকে মোট পাঁচজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা–১ আসন (আসন নম্বর ৭৯) থেকে তিনজন এবং চুয়াডাঙ্গা–২ আসন (আসন নম্বর ৮০) থেকে দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।
চুয়াডাঙ্গা–১ আসন থেকে মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন— ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মোল্লা মোঃ ফারুক এহসান, এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব।
চুয়াডাঙ্গা–২ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেন এবি পার্টির আলমগীর হোসেন এবং বাংলাদেশ কংগ্রেসের নূর হাকিম।
এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব চুয়াডাঙ্গা–১ ও চুয়াডাঙ্গা–২ উভয় আসন থেকেই মনোনয়ন দাখিল করেছিলেন। পরে তিনি চুয়াডাঙ্গা–১ আসনের মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে চুয়াডাঙ্গা–২ আসন থেকে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে চুয়াডাঙ্গা–১ আসনে দলটির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মাওলানা জহুরুল ইসলাম আজিজি।
জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী বলেন, “আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। দুটি আসন থেকে মোট পাঁচটি মনোনয়ন প্রত্যাহার হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।”
এদিকে মনোনয়ন প্রত্যাহারের পর দুই আসনেই চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কার্যালয়।
এফপি/অ