ফিসনেট প্রকল্পের সহযোগিতায় তালতলী উপজেলায় সরকারি দপ্তর ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মৎস্য আইন ও নির্দেশিকা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস)-এর উদ্যোগে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপস্থাপনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন সরকারি মৎস্য আইন ও সংশ্লিষ্ট নির্দেশিকা সম্পর্কে উপস্থিত সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের অবহিত করেন। তিনি মৎস্য সম্পদ সংরক্ষণে সকল আইন প্রয়োগকারী সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “মৎস্য আইন পালন শুধু সরকারের নয়, আপনার-আমার সবার দায়িত্ব। এই উপজেলার মানুষের জীবিকা ও অর্থনীতি মৎস্য সম্পদের ওপর নির্ভরশীল। তাই আইন প্রতিপালনে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”
অবহিতকরণ সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পুলিশ বাহিনীর প্রতিনিধি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি, ভূমি কমিটি, পানি কমিটি ও নেটওয়ার্ক কমিটির প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএনআরএস-এর ফিসনেট প্রকল্পের প্রজেক্ট অফিসার (মেরিন প্রটেকশন) মো. আরাফাত রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন তালতলী উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, ফিসনেট প্রকল্পের সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মো. মেহেদী হাসান, মো. আশরাফ হোসেনসহ স্থানীয় মৎস্যজীবী নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ফিসনেট প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছে ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। প্রকল্পের কনসোর্টিয়াম লিড সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে উত্তরণ।
এফপি/এমআই