ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুলের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদে এসব দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এর অংশ হিসেবে উপজেলার ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর চৌধুরীপাড়া আল-আকসা জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ সাইফুল ইসলাম (শান্ত)।
দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, ‘রাজশাহীর মাটি ও মানুষের প্রিয় নেতা মিজানুর রহমান মিনু দেশের কল্যাণে এবং জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং আবারও দেশ ও জাতির সেবা করার তৌফিক দেন।’
এ সময় উপস্থিত ছিলেন গণেশপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠন, সতীহাট বাজার বণিক সমিতির সভাপতি রশিদুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা।
দোয়া মাহফিল শেষে ভূমন্ত্রীর দ্রুত সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এফপি/মিব