Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
আগামী পাঁচ দিনে বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ
শিরোনাম:

নবীগঞ্জে সুমি দাশ হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:১৯ পিএম  (ভিজিটর : ৬৪৭)

সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালি এলাকায় নবীগঞ্জের গৃহবধূ সুমি দাশ (২১) হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নবীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) নবীগঞ্জ উপজেলার গাজীর টেক মোড় এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে সুমি দাশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং নির্মম হত্যাকাণ্ড। বক্তারা অবিলম্বে মামলার অন্যান্য আসামি শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার সম্পন্ন করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতা আজ ভয়াবহ আকার ধারণ করেছে। সুমি দাশের মতো আর কোনো নারী যেন নির্যাতনের শিকার না হয়, সে জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণ কারীরা সুমি হত্যার সঙ্গে জড়িত স্বামী, শ্বশুর ও শাশুড়ির ফাঁসির দাবি জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

উল্লেখ্য, নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার ধনরঞ্জন চৌধুরীর কন্যা সুমি দাশের বিয়ে ৫মাস আগে সুনামগঞ্জ জেলার দিরাই থানার টাইলা গ্রামের কুলেন্দু শেখর দাসের ছেলে কৃষাল শেখর তালুকদারের সঙ্গে হয়। বিয়ের পর থেকেই সুমি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ পরিবারের। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাব-৯ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি স্বামী কৃষাল শেখর দাস (২৪) কে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করেছে। মানববন্ধনে এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার মানুষ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝