এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের পটুয়াখালী উপকূল প্রতিনিধি ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদুুল ইসলাম রিপন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।
তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত বুধবার রাতে কলাপাড়ার নিজ বাসভবনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। জাহিদ রিপন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ছিলেন আপসহীন, যা সহকর্মী ও নবীন সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব ও কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম সহ জেলার সকল সাংবাদিকবৃন্দ। সাংবাদিক জাহিদ রিপন জীবদ্দশায় পটুয়াখালী টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম, মহিপুর প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার জুমার নামাজ শেষে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এফপি/জেএস