দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিভেদের অবসান হয়েছে।
দলের হাইকমান্ডের নির্দেশনার পর সোমবার (৫ জানুয়ারি) থেকে দুই শীর্ষ নেতা এ জে এম সাহাবুদ্দিন সুজন ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের অনুসারীদের একসঙ্গে মাঠে ও দলীয় কার্যালয়ে কাজ করতে দেখা যায়।
রাতে নবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সৌজন্য সাক্ষাতে দীর্ঘদিন পর বিভক্ত নেতাকর্মীদের একত্রে বসতে দেখা যায়। সভায় সুজন বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত—মনোনীত প্রার্থীর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। অন্যদিকে ডা. জাহিদ হোসেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
দীর্ঘদিন আলাদা কর্মসূচির কারণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা থাকলেও এই ঐক্যের খবরে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি বিএনপি হাইকমান্ডের ঐক্যবদ্ধ রাজনীতির নির্দেশনার বাস্তব প্রতিফলন।
এফপি/জেএস