নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষাঙ্গণে নকল ও প্রশ্নপত্র ফাঁসের সংস্কৃতি আর ফিরবে না। অতীতে দায়িত্ব পালনকালে তিনি এসব অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন। এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা হবে বলে জানান তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করে গড়ে তুলতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। এর অংশ হিসেবে কারিকুলাম পর্যালোচনা, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা পূরণে ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যাকডেটেড’ শিক্ষাব্যবস্থা নিয়ে আর এগোনো সম্ভব নয়। বিশ্ব এখন একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। তাই আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ চলছে বলে জানান তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতে কে কী করেছে, তার জবাবদিহি আমরা দেব না। তবে আমার সময়ে দুর্নীতি হয়নি এবং এবারও হবে না। এমপিওভুক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বেসরকারি শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নে তিনি বলেন, বিষয়টি সরকারের নজরে আছে। উপযুক্ত সময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।
এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
এফপি/জেএস