| শিরোনাম: |

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা বিপ্লবী ছাত্র-জনতার আয়োজনে উপজেলা পরিষদ জামে মসজিদ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জানাজা স্থলে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া ছাত্র-জনতা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। একই সঙ্গে তারা আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
গায়েবানা জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলাম, সুন্দরগঞ্জ পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সজিব এবং সুন্দরগঞ্জ পৌর বাজার জামে মসজিদের ইমাম সৈয়দ মাহমুদ হাসান।
জানাজা শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌর বাজার জামে মসজিদের ইমাম সৈয়দ মাহমুদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান বকসি, সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা ছাত্রশিবিরের সভাপতি শাহিন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী নুর আলম মিয়া নুর, এনসিপির যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-জনতা।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি লাভ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার বিজয়নগর এলাকায় গণসংযোগকালে তিনি সশস্ত্র হামলার শিকার হন। রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে আততায়ীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। পরবর্তীতে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানকার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে শরিফ ওসমান বিন হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এফপি/জেএস