নাটোরের লালপুরে এক রাতে তালা ভেঙে ঝন্টু মিয়া নামে এক দরিদ্র ভ্যানচালকের চার্জার ভ্যান চুরি করে নিয়ে গেছে চোরচক্র।
একই রাতে আরও অন্তত ছয়টি বাড়িতে চার্জার ভ্যান ও ব্যাটারি চুরির চেষ্টা চালিয়েছে । শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাত থেকে শনিবার (৬ ডিসেম্বর) ভোর পর্যন্ত উপজেলার রঘুনাথপুর গ্রামে পরপর এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সুপরিকল্পিতভাবে চোরের একটি সংঘবদ্ধ দল গ্রামে প্রবেশ করে টানা কয়েক ঘণ্টা ধরে বাড়ি বাড়ি চুরির চেষ্টা চালায়। ঝন্টু মিয়ার বাড়ির তালা ভেঙে চার্জার ভ্যান নিয়ে যায় তারা। এরপর ধারাবাহিকভাবে গ্রামের আরও কয়েকটি বাড়িতে ভ্যান ও ব্যাটারি চুরির চেষ্টা করে। তবে কিছু বাড়ির মালিক টের পেয়ে জেগে উঠলে চোরেরা দ্রুত পালিয়ে যায়। এসব ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে লালপুর থানার ওসি রফিকুল ইসলামকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এফপি/জেএস