Dhaka, Sunday | 22 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 22 November 2026 | English
শিরোনাম:

সারা দেশে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কৃষি

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:০৬ এএম  (ভিজিটর : ৩০)

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে সাত জেলায় আমন ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কেটে রাখা ধান তুলতে পারেননি কৃষক, কোথাও কাটার আগেই হেলে পড়েছে। এর সঙ্গে বিভিন্ন সবজিরও ক্ষতি হয়েছে।  আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আবহাওয়া প্রধানত শুষ্ক হয়ে উঠতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা কমতে শুরু করায় শীতের অনুভূতি বাড়বে। তবে এই বৃষ্টির পরপরই শীতের স্থায়ী আগমন ঘটছে না।

মেহেরপুরে ১৫০০ হেক্টর জমির ফসল নষ্ট 
মেহেরপুরে পাকা আমন ধান, সবজিসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া দমকা হাওয়া ও বৃষ্টি চলে গতকাল পর্যন্ত। জেলার অন্তত এক হাজার ৫০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৈরী আবহাওয়া আরও দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী শাহনেওয়াজ বলেন, দমকা হাওয়া ও বৃষ্টিতে এখন পর্যন্ত অন্তত দেড় হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। 

মাগুরায় ১৯১ হেক্টরের ফসল ক্ষতিগ্রস্ত
মাগুরার চার উপজেলায় ১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমন ধান, সরিষা, মসুর, পেঁয়াজ ও শীতকালীন শাক-সবজির ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগের তথ্যমতে, ক্ষতিগ্রস্ত ১৯১ হেক্টর জমির মধ্যে ১১৮ হেক্টর আমন ধান, ৩২ হেক্টর সরিষা, ১৫ হেক্টর মসুর, আট হেক্টর পেঁয়াজ এবং ১৮ হেক্টর শীতকালীন শাক-সবজি রয়েছে। তবে মাঠপর্যায়ের কৃষকদের দাবি, ক্ষতির পরিমাণ আরও বেশি।

রাজশাহীতে ৩২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
রাজশাহীর বিভিন্ন উপজেলায় দুদিনের বৃষ্টিতে পানি জমে মাঠে কেটে রাখা আমন ধান ডুবে গেছে। এ ছাড়া জমিতে পাকা ধানের বেশির ভাগই হেলে পড়েছে। রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান বলেন, ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলার বিভিন্ন কৃষিজমি ঘুরে দেখা যায়, জেলার গোদাগাড়ী, তানোর, পবা, মোহনপুর, দুর্গাপুরসহ বিভিন্ন উপজেলার বিল ও নিচু জমির পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। কোনো কোনো জমিতে কেটে রাখা ধান ক্ষেতেই শুকাতে দেওয়া হয়েছিল। টানা বৃষ্টিতে এসব জমিতে পানি জমে যাওয়ায় ধান ডুবে গেছে। এ ছাড়াও না কেটে পাকা ধান বৃষ্টি ও দমকা হাওয়ায় হেলে পড়েছে।

জয়পুরহাটের চাষিরা চিন্তিত
হঠাৎ বৃষ্টিতে জয়পুরহাটের চাষিরা পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন। আগাম জাতের আলুচাষিরাও বিপাকে। নিচু জমিতে পানি জমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছেন চাষিরা। দ্রুত বৃষ্টি বন্ধ না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এবার ৭০ হাজার ৯০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। কিছুদিন আগে অসময়ে বৃষ্টির কারণে অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে। প্রায় অর্ধেক ধান কাটা হয়েছে। ফাঁকা জমিতে চাষিরা আগাম জাতের আলু রোপণ করেছে। বৃষ্টির কারণে আলু থেকে চারা না গজানোর আশঙ্কা করছেন চাষিরা। 

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাদিয়া সুলতানা বলেন, বৃষ্টিতে কৃষক বেকায়দায় পড়েছেন। পাকা ধান কেটে রাখায় তা পানিতে তলিয়ে গেছে। আলু রোপণের ক্ষেত্রে বৃষ্টির পানি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি আরও দু-এক দিন থাকলে কৃষকরা বড় ধরনের বেকায়দায় পড়বেন। 

চুয়াডাঙ্গায় ৬৮ মিলিমিটার বৃষ্টি
চুয়াডাঙ্গায় বৈরী আবহাওয়া দুশ্চিন্তার ছায়া ফেলেছে কৃষকদের। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত হওয়া বৃষ্টিতে মাঠের পাকা ও কাটা ধান ভিজে গেছে। এতে সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় দিশেহারা কৃষক। চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. জামিনুর ইসলাম জানান, গত বৃস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

শৈলকুপায় পানির নিচে পাকা ধান 
ঝিনাইদহের শৈলকুপায় দুই দিনের বৃষ্টিতে পানির নিচে পাকা আমন ধান। ক্ষতি হয়েছে সবজিসহ পেঁয়াজের বীজতলার। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২ হাজার ২০০ হেক্টর জমির পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে ৮০০ হেক্টরের পেঁয়াজের বীজতলা। উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরগঞ্জে হেলে পড়েছে পাকা ধান
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে পাকা আমন ধানক্ষেত হেলে পড়েছে। সেই সঙ্গে সদ্য রোপণ করা আলুসহ অন্যান্য রবি ফসলের ক্ষেতে পানি জমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গত শুক্রবার সন্ধ্যার পর থেকে এই বৃষ্টি শুরু হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, উপজেলায় ১০ হেক্টর জমির ধান হেলে পড়েছে। 

কালীগঞ্জে ক্ষেতেই নষ্ট হচ্ছে ধান
তিন দিনের বৃষ্টিতে ক্ষেতেই নষ্ট হচ্ছে আমন ধান। ক্ষেতে কেটে রাখা ধানক্ষেতের ধানগুলো এখন পানির ওপর ভাসছে। অপরদিকে যে জমিগুলোর ধান এখনও কাটা হয়নি সেগুলো নুয়ে পড়েছে। এমন অবস্থায় কৃষকেরা আমন নিয়ে পড়েছেন মহাবিপাকে। 

বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব কাটতে শুরু করেছে। তবে আগামী দুদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আবহাওয়া প্রধানত শুষ্ক হয়ে উঠতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা কমতে শুরু করায় শীতের অনুভূতি বাড়বে। তবে এই বৃষ্টির পরপরই শীতের স্থায়ী আগমন ঘটছে না। আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করলে শীতের অনুভূতি বাড়বে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়। আজ রোববার দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা আরও কমে আসতে পারে। 

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝