শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ওপর ঠান্ডার প্রভাব পড়ে। বিশেষ করে হৃদ্যন্ত্রের স্বাস্থ্যের ক্ষেত্রে এ সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। ঠান্ডা আবহাওয়ায় রক্তনালি সংকুচিত হয়ে রক্তচাপ বেড়ে যেতে পারে। একই সঙ্গে হৃদ্স্পন্দন দ্রুত হওয়া এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়ার কারণে হৃদ্যন্ত্রের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। বিশেষ করে শীতের ভোরে ঘুম থেকে ওঠার পর এ ঝুঁকি আরও বাড়তে পারে।
তবে শীতকালে সবার ক্ষেত্রে ঝুঁকি সমান নয়। বয়স্ক ব্যক্তি, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং আগে হার্ট অ্যাটাক হয়েছে এমন ব্যক্তিদের এ সময় বেশি সতর্ক থাকা প্রয়োজন। সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর লাইফস্টাইল বিভাগে প্রকাশিত এক প্রতিবেদনে শীতকালে হৃদ্রোগের ঝুঁকি, ঝুঁকিতে থাকা ব্যক্তিদের পরিচয় এবং হৃদ্যন্ত্র সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ভারতের গ্রেটার নয়ডার কৈলাশ হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সুনীল কুমার মণ্ডল।
শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কেন?
ডা. সুনীল কুমার মণ্ডলের ব্যাখ্যা অনুযায়ী, ঠান্ডা আবহাওয়ায় শরীরের তাপমাত্রা ধরে রাখতে হাত-পাসহ শরীরের প্রান্তীয় অংশের রক্তনালিগুলো সংকুচিত হয়ে যায়। এর ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে। পাশাপাশি ঠান্ডা আবহাওয়া শরীরের সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে, যা হৃদ্যন্ত্রের কাজের চাপ বাড়ায় এবং হৃদ্স্পন্দন দ্রুত করে।
এ ছাড়া ঠান্ডায় রক্তের প্লাটিলেট বেশি আঠালো হয়ে যেতে পারে। ফলে রক্ত জমাট বাঁধার আশঙ্কা বাড়ে। বিশেষ করে যাদের করোনারি ধমনিতে আগে থেকেই প্লাক জমে আছে, তাদের ক্ষেত্রে প্লাক ফেটে যাওয়া বা ধমনিতে খিঁচুনি তৈরি হওয়ার ঝুঁকি বাড়তে পারে। এসব পরিবর্তনের কারণে হার্ট অ্যাটাকের আশঙ্কাও বেড়ে যায়।
শীতের সকালে ঝুঁকি বেশি কেন?
শীতকালে বিশেষ করে ভোরের সময় হৃদ্রোগীদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। চিকিৎসক ডা. সুনীল কুমার মণ্ডল জানান, ঘুম থেকে ওঠার পর শরীরে স্বাভাবিকভাবেই রক্তচাপ, হৃদ্স্পন্দন এবং কর্টিসল নামের স্ট্রেস হরমোনের মাত্রা দ্রুত বেড়ে যায়। এ সময় রক্ত জমাট বাঁধার প্রবণতাও স্বাভাবিকের তুলনায় বেশি থাকে।
তার ওপর ঠান্ডা পরিবেশ, ঘুম থেকে উঠেই দ্রুত বাথরুমে যাওয়া কিংবা তাড়াহুড়া করে হাঁটাচলা করার কারণে হৃদ্যন্ত্রের ওপর চাপ আরও বাড়তে পারে। এ কারণে ভোরের দিকে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও অনিয়মিত হৃদ্স্পন্দনের ঘটনা তুলনামূলক বেশি দেখা যায় বলে জানান এই হৃদ্রোগ বিশেষজ্ঞ।
শীতকালে যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি
চিকিৎসক ডা. সুনীল কুমার মণ্ডলের মতে, শীতকালে কয়েক শ্রেণির মানুষের হৃদ্রোগজনিত জটিলতার ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। তাদের মধ্যে রয়েছেন—
১. বয়স্ক ব্যক্তি: বয়স বাড়ার সঙ্গে শীতের প্রভাব ও হৃদ্রোগজনিত জটিলতা নিয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। বিশেষ করে শীতের সকালে তাঁদের সাবধানে চলাফেরা করা উচিত।
২. উচ্চ রক্তচাপের রোগী: ঠান্ডায় রক্তনালি সংকুচিত হয়ে রক্তচাপ আরও বেড়ে যেতে পারে। ফলে আগে থেকেই উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের হৃদ্যন্ত্রের ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
৩. ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি: ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদেরও শীতকালে হৃদ্স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। তাঁদের এ সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা জরুরি।
৪. আগে হার্ট অ্যাটাক হয়েছে যাদের: যাদের আগে হার্ট অ্যাটাকের ইতিহাস রয়েছে, তাঁদের শীতকালে হৃদ্রোগজনিত জটিলতার ঝুঁকি বেশি। তাই এ সময় চিকিৎসকের পরামর্শ ও নিয়মিত চিকিৎসা অনুসরণ করা প্রয়োজন।
৫. হার্টে স্টেন্ট বা বাইপাস সার্জারি হয়েছে যাদের: করোনারি ধমনিতে স্টেন্ট বসানো কিংবা বাইপাস সার্জারি করিয়েছেন এমন ব্যক্তিদেরও শীতকালে বাড়তি সতর্ক থাকতে হবে।
৬. হার্ট ফেইলিউরের রোগী: কনজেস্টিভ হার্ট ফেইলিউরে আক্রান্ত ব্যক্তিরা শীতকালে হৃদ্যন্ত্রের জটিলতার ঝুঁকিতে থাকেন।
৭. কিডনির কার্যক্ষমতা কম যাদের: যাদের কিডনির কার্যক্ষমতা কমে গেছে, তাঁদেরও এ সময় হৃদ্স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ।
৮. ধূমপায়ী: নিয়মিত ধূমপান করেন এমন ব্যক্তিদেরও শীতকালে হৃদ্রোগের ঝুঁকি বিবেচনায় বাড়তি সতর্কতা প্রয়োজন।
শীতে হৃদ্যন্ত্র সুরক্ষায় যেসব সতর্কতা জরুরি
শীতকালে হৃদ্যন্ত্রের ওপর অপ্রয়োজনীয় চাপ কমাতে কিছু অভ্যাসে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন ডা. সুনীল কুমার মণ্ডল। তার পরামর্শগুলো হলো—
ঘুম থেকে উঠেই বিছানা ছাড়বেন না: সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ দাঁড়িয়ে না গিয়ে কিছুক্ষণ বসে থাকুন। এরপর ধীরে ধীরে বিছানা ছাড়ুন।
ঘরের পরিবেশ উষ্ণ রাখুন: শোবার ঘর ও বাথরুমের তাপমাত্রা আরামদায়ক রাখার চেষ্টা করুন। বাইরে বের হলে কয়েক স্তরের গরম পোশাক পরুন। মাথা, ঘাড় ও হাত ভালোভাবে ঢেকে রাখুন।
সকালের ব্যায়ামের সময় পরিবর্তন করুন: শীতের সকালে সূর্য ওঠার আগে হাঁটতে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ব্যায়াম শুরুর আগে যথাযথ ওয়ার্মআপ করুন। বায়ুদূষণের মাত্রা বেশি থাকলে ঘরের ভেতরে শারীরিক ব্যায়াম করার কথা বিবেচনা করতে পারেন।
ওষুধ নিয়মিত গ্রহণ করুন: চিকিৎসকের দেওয়া ওষুধ নির্ধারিত নিয়মে গ্রহণ করুন। বাড়িতে নিয়মিত রক্তচাপ পর্যবেক্ষণ করুন।
নিজে থেকে ওষুধ বন্ধ করবেন না: কয়েক দিন রক্তচাপ স্বাভাবিক থাকলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া নির্ধারিত ওষুধ বন্ধ করা উচিত নয়।
খাদ্যাভ্যাসে সতর্ক থাকুন: হৃদ্যন্ত্রের জন্য উপকারী খাবার গ্রহণ করুন। খাবারে লবণ ও ভাজাপোড়া সীমিত রাখুন। ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন।
হার্ট অ্যাটাকের যেসব লক্ষণ অবহেলা করা যাবে না
হার্ট অ্যাটাকের লক্ষণ দ্রুত শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডা. সুনীল কুমার মণ্ডল কয়েকটি লক্ষণের কথা উল্লেখ করেছেন, যেগুলো দেখা দিলে জরুরি চিকিৎসা নেওয়া প্রয়োজন। এগুলোর মধ্যে রয়েছে—
বুকে ব্যথা, চাপ বা ভারী অনুভূতি।
ব্যথা হাত, চোয়াল কিংবা পিঠে ছড়িয়ে পড়া।
অস্বাভাবিক শ্বাসকষ্ট।
অতিরিক্ত ঘাম হওয়া।
বমিভাব।
হঠাৎ মাথা ঘোরা।
চিকিৎসকের পরামর্শ, এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে কমে যাওয়ার অপেক্ষা করা উচিত নয়। দ্রুত জরুরি সহায়তা নিয়ে হৃদ্রোগের পূর্ণাঙ্গ চিকিৎসাসুবিধা রয়েছে এমন নিকটস্থ হাসপাতালে যেতে হবে। কারণ হার্ট অ্যাটাকের চিকিৎসায় প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ।
শীতকালে হৃদ্রোগের ঝুঁকি মোকাবিলায় আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে সচেতন থাকা, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা জরুরি। বিশেষ করে যাদের আগে থেকেই হৃদ্রোগ বা সংশ্লিষ্ট শারীরিক জটিলতা রয়েছে, তাদের এ সময় নিজের স্বাস্থ্যের প্রতি বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন।
এফপি/অ