Dhaka, Sunday | 15 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 15 November 2026 | English
শিরোনাম:

খুলনায় বিভাগীয় বইমেলা উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ১:৪১ পিএম  (ভিজিটর : ৮৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর বয়রা এলাকায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম, জেলা প্রশাসক হুরে জান্নাত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ পরাগ তালুকদার।

অনুষ্ঠানে কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণের বৃহৎ পরিসরে বইমেলার আয়োজন করায় এতে পাঠক ও দর্শনার্থীদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করা যায়। এর ফলে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনীগুলোও বই বিক্রিতে উল্লেখযোগ্য সাড়া পেতে পারে। একই সঙ্গে এ মেলা এ অঞ্চলের মানুষের জ্ঞানচর্চা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানুষের জীবনব্যাপী জ্ঞান আহরণের আগ্রহ জাগিয়ে তোলা এবং তা পূরণে বইমেলা সহায়ক ভূমিকা পালন করবে। মেলায় খ্যাতনামা অনেক প্রকাশনীর স্টল থাকায় পাঠকেরা সহজেই পছন্দের বই কেনার সুযোগ পাবেন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার কোনো বিকল্প নেই। বই আমাদের পরম বন্ধু। বইকে জীবনের প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করতে পারলে একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে উঠবে। একই সঙ্গে এ ধরনের সমাজ হবে তথ্যসমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র গঠনের ভিত্তি।

এর আগে বিভাগীয় বইমেলা উপলক্ষে নগরীর নিউমার্কেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এ বইমেলা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ ছাড়া মেলাকে প্রাণবন্ত করতে 'সংস্কৃতি ও নৈতিকতা', 'মানবতাবাদ ও বিশ্বশান্তি' এবং 'বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র' বিষয়ে তিন দিনে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে।

মেলা থেকে বই কেনা পাঠকদের মধ্যে প্রতিদিন কুপনের মাধ্যমে লটারিতে তিনজনকে পুরস্কৃত করার ব্যবস্থা রাখা হয়েছে।

এবারের বইমেলায় মোট ৯০টি স্টল রয়েছে। এর মধ্যে ঢাকা থেকে আগত প্রকাশনীগুলোর জন্য ৭১টি এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের জন্য নয়টি স্টল বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া পুলিশ কন্ট্রোল রুম, তথ্যকেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে স্টল এবং খাবারের জন্য পাঁচটি স্টল রাখা হয়েছে। প্রকাশনীগুলো এসব স্টলে নিজেদের প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রি করবে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝