যুবসমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুরু হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সোমবার (২ নভেম্বর) বিকেলে রাজউকের পূর্বাচল নতুন শহরের ৪ নম্বর সেক্টরের শিমুলিয়া বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়া।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মন্ডল কিংস একাদশ ও পুবাইল বাজার স্পোর্টিং ক্লাব। শিমুলিয়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে আটটি গ্রামের বিভিন্ন দলের অংশগ্রহণের কথা রয়েছে।
‘খেলাধুলাকে হ্যাঁ বলি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি তরুণ প্রজন্মকে সংগঠিত করা এবং খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করেছিলেন। বাংলাদেশ ফুটবলপ্রেমীদের দেশ। এ দেশে ফুটবলের জনপ্রিয়তা ব্যাপক। রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফুটবল প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে আগ্রহী হবে।
এফপি/মিব