Dhaka, Monday | 2 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 November 2026 | English
শিরোনাম:

খুলনার আঠারোবাঁকি নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার, মাথায় রক্তাক্ত ক্ষত

প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:১২ পিএম  (ভিজিটর : ৫৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকি নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের হাবিবের কলাবাগানের উত্তর পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত দুজনের মাথায় রক্তাক্ত ক্ষত রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে মেহেদী হাসান সোহাগ (৩৫) এবং সিংহের চর এলাকার রেজাউল করিম (৩০)। সোহাগ জেলখানা ঘাটের মাঝি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রূপসা থানা পুলিশ জানায়, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় বাসিন্দারা নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে নদীর কাদার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখেন বাসিন্দারা। কিছুক্ষণ পর একই এলাকায় আরও একটি মরদেহ ভেসে ওঠে। পরে তাঁরা পুলিশকে খবর দেন। এ সময় নদীর দুই পাড়ে উৎসুক মানুষের ভিড় জমে।

স্থানীয়দের দাবি, মরদেহ দুটি নদীর চরে আটকে ছিল এবং সেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। উভয়ের মাথায় রক্তাক্ত ক্ষত দেখা গেছে। তবে এসব ক্ষত কীভাবে বা কখন সৃষ্টি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না কিংবা কোনো অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ততা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত সোহাগ 'বি কোম্পানি' নামে একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিলেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে খুলনায় একের পর এক হত্যাকাণ্ড ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় নগর ও আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। গত রোববার সন্ধ্যায় আড়ংঘাটা থানার রায়মহল এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় তাঁতী দলের নেতা সৈয়দ হুমায়ুন কবির নিহত হন। এর আগের দিন শনিবার রাতে নগরের দারোগাপাড়া এলাকায় চাপাতির কোপে শহিদুল (৩৫) নামে এক যুবক নিহত হন।

পরপর এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে আঠারোবাঁকি নদী থেকে উদ্ধার হওয়া দুই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ এবং তাঁদের মরদেহ নদীতে কীভাবে এসেছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের হত্যার শিকার হওয়ার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝