পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের বাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে চার ব্যবসায়ীকে মোট আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার। অভিযানে থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা শহরের দক্ষিণ বাজারের সড়ক ও ফুটপাত দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী ও হকারদের দখলে থাকায় সাধারণ পথচারী ও ক্রেতাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে আগেই সতর্ক করা হয়েছিল। তবে সতর্কবার্তা উপেক্ষা করে ফুটপাত দখল অব্যাহত রাখায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাজারের বিভিন্ন অলিগলি ও প্রধান সড়কের দুই পাশের ফুটপাত থেকে অস্থায়ী দোকানপাট এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন স্থাপনা সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে চার ব্যবসায়ীকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার বলেন, জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং যানজট নিরসন সরকারের অন্যতম অগ্রাধিকার। ফুটপাত দখল করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টির কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় সচেতন মহল ও সাধারণ পথচারীরা স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে বাজারের ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।
এফপি/মিব