দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩ হাজার ৬১৪ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ডলার বা ৩৬ দশমিক ১৪ বিলিয়নে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১২৯ কোটি ৮২ লাখ ৩০ হাজার ডলার বা ৩১ দশমিক ২৯ বিলিয়ন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।
এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল বাবদ ১৩৯ কোটি ২২ লাখ ৭ হাজার ডলার পরিশোধ করা হয়। আকুর বিল পরিশোধের আগে আগস্টের শেষে দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। বিল পরিশোধের পর তা সাময়িকভাবে কমে ৩৬ বিলিয়ন ডলারের ঘরে নেমে যায়। পরে আবার রিজার্ভ বাড়তে থাকে।
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) আঞ্চলিক কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে আন্তর্জাতিক লেনদেন ও আমদানি বিল পরিশোধের একটি আঞ্চলিক ব্যবস্থা। এর মাধ্যমে সদস্য দেশগুলোর আমদানি-রপ্তানি লেনদেন সহজ হয় এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমে। সাধারণত প্রতি দুই মাস পরপর আকুর বিল পরিশোধ করা হয়।
আকুর বর্তমান সদস্য নয়টি দেশ হলো—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার ও ইরান। এর প্রধান কার্যালয় ইরানের রাজধানী তেহরানে।
এফপি/স