কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা নদীতে একটি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে কোস্ট গার্ডের আভিযানিক দল বস্তাটি তল্লাশি করে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/অ