Dhaka, Monday | 21 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 21 September 2026 | English
শিরোনাম:

আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্নে উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম  (ভিজিটর : ১০)

রাজধানীর আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্ন এলাকায় চলমান রিজিড পেভমেন্ট ও ড্রেইনেজ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

রবিবার (২০ সেপ্টেম্বর) সরেজমিনে পরিদর্শনকালে তিনি রিজিড পেভমেন্ট, ড্রেইনেজ, রোড আইল্যান্ডসহ সংশ্লিষ্ট অবকাঠামোর নির্মাণ অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় নির্মাণকাজের গুণগত মান, কর্মপরিবেশ এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও খোঁজ নেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১৩৫০ মিটার রিজিড পেভমেন্টের কাজ শেষ হয়েছে। গত এপ্রিল থেকে এ এলাকায় রিজিড পেভমেন্ট নির্মাণকাজ শুরু হয়।

পরিদর্শনকালে সচিব সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত নির্মাণকাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ড্রেইনেজ ও রোড আইল্যান্ড নির্মাণের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, আব্দুল্লাহপুর ইন্টারসেকশন রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন পয়েন্ট। এ এলাকার সড়ক অবকাঠামোর উন্নয়ন ও চলমান নির্মাণকাজ দ্রুত শেষ হলে যানবাহন চলাচল আরও নির্বিঘ্ন হবে।

তিনি বলেন, আব্দুল্লাহপুর ইন্টারসেকশনের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পরিবহন অবকাঠামোর সংযোগ রয়েছে। ফলে নগর পরিবহন ব্যবস্থায় এ এলাকার গুরুত্ব অনেক।

পরিদর্শনকালে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী, মাঠপর্যায়ের কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝