Dhaka, Saturday | 19 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 19 September 2026 | English
শিরোনাম:

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য বেবিচকে প্রথমবার এভিয়েশন প্রশিক্ষণ

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ এএম আপডেট: ১৯.০৯.২০২৬ ১১:২০ এএম  (ভিজিটর : ১৫)

দেশের বেসামরিক বিমান চলাচল খাতের কাঠামো, কার্যক্রম, নিরাপত্তা, পরিচালনা ও আন্তর্জাতিক মান সম্পর্কে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মৌলিক ধারণা দিতে প্রথমবারের মতো বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

১৮ সেপ্টেম্বর সিভিল এভিয়েশন একাডেমিতে ‘বেসামরিক বিমান চলাচল বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণে দেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার কাঠামো ও কার্যক্রম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও ভূমিকা, জাতীয় ও আন্তর্জাতিক এভিয়েশনবিষয়ক বিধিবিধান এবং এ খাতের বিভিন্ন অংশীজনের পারস্পরিক সম্পর্ক বিষয়ে ধারণা দেওয়া হবে।

বেবিচক সূত্র জানায়, এ প্রশিক্ষণের মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এভিয়েশন খাত সম্পর্কে প্রাতিষ্ঠানিক ও মৌলিক জ্ঞান বাড়বে। এতে প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়, নীতি প্রণয়ন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং এভিয়েশন খাতের ব্যবস্থাপনায় কর্মকর্তাদের ভূমিকা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সিভিল এভিয়েশন একাডেমির আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম, এফএডব্লিউসি, পিএসসি, জিডি(পি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের পরিধি ও কার্যক্রম ক্রমেই বাড়ছে। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এভিয়েশন বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও ধারণা থাকলে নীতি প্রণয়ন এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সমন্বয় আরও বাড়বে বলে মনে করছে বেবিচক।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝