চোরাচালানবিরোধী অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে স্থানান্তরের সময় প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা (৩৫ হাজার কেজি) ইউরিয়া সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত ৩টি ট্রাক ও দুইজন পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এফপি/র