শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জাপানি প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কনস্ট্রাকশন লিমিটেড।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সেতু ভবনে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়। জাপান-বাংলাদেশ অষ্টম প্ল্যাটফর্ম মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে তারা প্রকল্পটিতে কাজ করতে আগ্রহী বলে জানায়।
মিয়াগাওয়া কেনসেটসু কনস্ট্রাকশন লিমিটেডের ডিরেক্টর ওভারসিজ রিপ্রেজেন্টেটিভ তোজি নিশিদার নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়। এ সময় সেতু নির্মাণের সম্ভাব্যতা, কারিগরি দিক, অর্থায়ন এবং যৌথ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জাপানি প্রতিনিধিদল জানায়, জাপানে বিভিন্ন জটিল ও বৃহৎ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে জাপানের আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতা কাজে লাগাতে তারা আগ্রহী।
বৈঠকে সেতু বিভাগের সচিব প্রকল্পটি দেশের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা অনুযায়ী বাস্তবায়নের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি পিপিপির আওতায় বিনিয়োগের শর্ত, অর্থায়ন ও অন্যান্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া উল্লেখ করে জাপানি প্রতিষ্ঠানটিকে একটি সুনির্দিষ্ট ও আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিতে অনুরোধ জানান।
প্রস্তাব পাওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বৈঠকে জানানো হয়।
এফপি/অ