প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম (ভিজিটর : ১২)
ছবি: আইএসপিআর
সরকারি দায়িত্ব পালনকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
বিমান বাহিনী জানায়, গত সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় QRF (Quick Response Force)-এর দায়িত্ব পালনের সময় ৭ জন সদস্য বহনকারী বিমান বাহিনীর একটি জিপ দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার পর বিমান বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিএমএইচ ঢাকায় নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মো. জুবাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বিমান বাহিনী জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে In Aid To Civil Power-এর আওতায় বিমান বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যাত্রী নিরাপত্তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে আসছেন।
সামরিক মর্যাদায় অনুষ্ঠিত জানাজায় নিহত বিমান বাহিনীর সদস্যদের কফিনে শ্রদ্ধা নিবেদন। ছবি: আইএসপিআর
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের (কুর্মিটোলা) সি-১৩০ হ্যাঙ্গারে নিহত তিন সদস্যের সামরিক মর্যাদায় নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।
নিহত বিমানসেনাদের জানাজায় অংশ নেন ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। ছবি: আইএসপিআর
জানাজায় অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিহত সদস্যদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্য, সাবেক বিমান বাহিনী প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরে বিমান বাহিনীর প্রতিনিধিদল যথাযথ সামরিক মর্যাদায় তাঁদের দাফনকার্য সম্পন্ন করবে।
বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহত সদস্যদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।