বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সার্বিক কার্যক্রম, উন্নয়ন, আধুনিকায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান কার্যক্রম, চলমান উন্নয়ন ও আধুনিকায়ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ ছাড়া বাহিনীর বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ও তুলে ধরেন তিনি।
মহামান্য রাষ্ট্রপতি বিগত গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জননিরাপত্তা বিধান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও অবদানের প্রশংসা করেন।
তিনি দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পাশাপাশি জনগণের সঙ্গে বাহিনীর সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এ বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তা ও জনকল্যাণে আনসার-ভিডিপির ভূমিকা আরও বিস্তৃত ও কার্যকর করতে বাহিনীর আধুনিকায়ন এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখা প্রয়োজন।
মহামান্য রাষ্ট্রপতি আনসার বাহিনীর সংস্কার, বিশেষ করে আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি প্রতিষ্ঠায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আনসার বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও স্মরণ করেন।
রাষ্ট্রপতি বাহিনীর সদস্যদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে।
এ সময় সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে আনসার-ভিডিপির অর্জন এবং বিভিন্ন জনমুখী কার্যক্রমে বাহিনীর অবদানের প্রশংসা করেন রাষ্ট্রপতি। এসব ইতিবাচক ও জনকল্যাণমূলক উদ্যোগ আরও সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক উন্নয়ন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
একই সঙ্গে দেশের শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা ও জনকল্যাণে বাহিনীর সদস্যদের আরও নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সৌজন্য সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুবিধাজনক সময়ে আনসার একাডেমি পরিদর্শনের জন্য তাকে আমন্ত্রণ জানান।
তিনি রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও পরামর্শ অনুসরণ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রমকে আরও জনমুখী, আধুনিক, দক্ষ ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফপি/র