শেরপুরের নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে সেমিনার ও মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফাহাদ রহমান।
সেমিনারে ডা. ফাহাদ রহমান ডেঙ্গুর কারণ, উপসর্গ, বিস্তার ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও বিদ্যালয়ের আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেন।
আয়োজক সংগঠনের কো-চেয়ারম্যান জোবায়ের আহমেদ জয় শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকে ডেঙ্গু বিষয়ে সচেতন করার আহ্বান জানান। নারী সদস্য ফারিয়া জেবা বলেন, ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত সামাজিক উদ্যোগ জরুরি।
পরে সেমিনারে আলোচিত বিষয়গুলোর ওপর মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের শিক্ষা উপকরণের পাশাপাশি একটি করে গাছের চারা দেওয়া হয়।
আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, পরিবেশের প্রতি দায়িত্বশীলতা তৈরি ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করাও এ আয়োজনের উদ্দেশ্য।
এফপি/ফ