বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। যৌথ সামরিক প্রশিক্ষণ, বিশেষায়িত কোর্স ও প্রশিক্ষণ বিনিময়, আধুনিক সামরিক প্রযুক্তি, তথ্য-অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন দুই দেশের প্রতিনিধিরা।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার Mohd Shuhada Othman-এর সৌজন্য সাক্ষাতে এসব আলোচনা হয়।
সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মালয়েশিয়ার হাইকমিশনার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করে বাংলাদেশের শান্তিরক্ষীদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়ার বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে।
এফপি/ফ