ইজিবাইক চালকদের সঙ্গে বিরোধের জেরে চুয়াডাঙ্গার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। জেলা প্রশাসনের মধ্যস্থতায় শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের ওপর ইজিবাইক চালকদের হামলা ও মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের জরুরি সভায় জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও প্রশাসনের উদ্যোগে বৈঠকের পর তা প্রত্যাহার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকা থেকে একটি ইজিবাইক শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা সেটিতে বাধা দেন। এ ঘটনার জেরে ওই ইজিবাইকচালক কয়েকজন সহযোগীকে নিয়ে আলোকদিয়া এলাকায় অবস্থান নেন।
পরে তাঁরা চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি বাস আটকে চালক ও তত্ত্বাবধায়ককে মারধর এবং বাসটিতে হামলা চালান বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনার প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিকেরা দৌলতদিয়াড় এলাকায় বাস আড়াআড়ি রেখে সড়ক অবরোধ করেন। পরে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মধ্যস্থতা ও প্রশাসনের পক্ষ থেকে ন্যায়সংগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
এর আগে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-হাট বোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে শনিবার জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সমস্যা সমাধানে উদ্যোগ নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক লুৎফুন নাহারের আহ্বানে শনিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইজিবাইক চালক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনা হয় এবং বিরোধ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বৈঠক ফলপ্রসূ হওয়ায় বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
ফলে জেলার সব রুটে বাস ও মিনিবাস চলাচল পুনরায় স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
এফপি/ফ