যশোরে ১৮৫ বোতল মাদকদ্রব্যের সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৮ আগস্ট) জেলার কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর জমাদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শংকরপুর জমাদারপাড়া এলাকার মৃত তফসিল উদ্দিনের ছেলে মো. মশিউল আলম (৫৫) এবং আজিবর রহমানের মেয়ে মোছা. আকলিমা খাতুন (৪৩)।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার শংকরপুর জমাদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই দুই ব্যক্তির কাছ থেকে ১০৫ বোতল উইনসেরেক্স ও ৮০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। র্যাবের দাবি, উদ্ধার করা সিরাপগুলো অবৈধ মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
অভিযান শেষে উদ্ধার করা সিরাপগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা আলামত ও গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৬-এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি প্রিন্স বলেন, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।
এফপি/ফ