Dhaka, Monday | 17 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 17 August 2026 | English
শিরোনাম:

নীলফামারীতে নসিমনের ধাক্কায় শিক্ষার্থী নিহত, আহত - ২

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:১৪ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ৫:১৭ পিএম  (ভিজিটর : ২৪)

কয়েকদিন পরই পরিবারের স্বপ্ন পূরণে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল শাহজাহান ইসলামের (২০)। কিন্তু বিদেশ যাওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) সকালে নীলফামারীর ডোমার-জলঢাকা সড়কের তিনবট এলাকায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহত শাহজাহান ইসলাম ডিমলা উপজেলার আমডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আহতরা হলেন শাহজাহানের চাচা ও মোটরসাইকেলচালক মমিনুর ইসলাম এবং ফুফা লোকমান হোসেন। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে তিনবট বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা যায়, শাহজাহান তার চাচা ও ফুফার সঙ্গে মোটরসাইকেলে করে ডিমলা থেকে নীলফামারী পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। পথে জলঢাকা থেকে গরুবোঝাই একটি নসিমন ডোমারের বসুনিয়া হাটের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

ধাক্কায় নসিমনটি মোটরসাইকেলের ওপর উল্টে পড়লে তিনজনই এর নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহজাহান ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত মমিনুর ইসলাম ও লোকমান হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের চাচা জাহিদুল ইসলাম বলেন, শাহজাহান এবার এসএসসি পাস করেছে। কিছুদিনের মধ্যে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। বাবা-মায়ের একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেছে।

দুর্ঘটনার পর নসিমনটি আটক করা হলেও চালক পালিয়ে যান।

ডোমার থানার এসআই কাওছার আলম বলেন, দুর্ঘটনায় শাহজাহান ইসলামের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝